সাজেক সড়কে পাহাড়ধস: ৯ ঘণ্টা পর পুনরায় যান চলাচল শুরু, নিরাপদে ফিরেছেন পর্যটকরা
টানা বৃষ্টিতে খাগড়াছড়ি-সাজেক সড়কে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে অন্তত তিনটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে, ফলে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৩টার দিকে ফের সচল হয় এই গুরুত্বপূর্ণ সড়কটি।
উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানিয়েছেন, দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় সড়ক থেকে মাটি ও ধ্বংসাবশেষ অপসারণ করে যান চলাচলের উপযোগী করা হয়। এরপর সাজেকে আটকে থাকা পর্যটকদের বহনকারী গাড়িগুলো যাত্রা শুরু করে।
তিনি আরও জানান, এই ঘটনায় অন্তত চার শতাধিক পর্যটক সড়কে আটকা পড়েছিলেন, যাদের সবাইকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
রিসোর্ট অ্যান্ড কটেজ অ্যাসোসিয়েশন অব সাজেক-এর সভাপতি সুপর্ন দেব বর্মন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর স্কটের মাধ্যমে পর্যটকরা নিরাপদে সাজেক ত্যাগ করেন এবং খাগড়াছড়ি থেকে আসা গাড়িগুলোও রওনা দেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, পর্যটকদের আসা-যাওয়ায় কোনো বিঘ্ন নেই।