বিএনপি নেতার সঙ্গে বিয়ের গুজবের জবাব দিলেন মেয়ে ও বাবা: ‘এটি পারিবারিক সম্মতিতে হয়েছে
ঠাকুরগাঁওয়ে কলেজপড়ুয়া মেয়ের সঙ্গে বিএনপি নেতার বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেয়ের বাবা দিনেশ চন্দ্র বর্মণ ও মেয়ে নিজে।
বুধবার (২৩ জুলাই) শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে দিনেশ বর্মণ জানান, ৫৫ বছর বয়সী জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুণ্ডুর সঙ্গে তার মেয়ের বিয়ে জোরপূর্বক নয়, বরং প্রেম এবং পরিবারের সম্মতিতেই সম্পন্ন হয়েছে।
সম্প্রতি ফেসবুকে তাদের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, আওয়ামী লীগ নেতা দিনেশ চন্দ্র বর্মণকে মামলার ভয় দেখিয়ে তার মেয়েকে বিয়ে করেছেন বিএনপি নেতা।
তবে দিনেশ বর্মণ এসব অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে বলেন, “একটি চক্র আমার জামাতার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে এই গুজব ছড়াচ্ছে। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে মেয়েটি জানান, “আমরা কলেজে পড়ার সময় থেকেই একে অপরকে জানতাম। বয়সের পার্থক্য থাকলেও ভালো লেগেছে বলেই আমি নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছি। দয়া করে আমাকে নিয়ে ট্রল করা বন্ধ করুন।”
দিনেশ বর্মণ আরও জানান, ৯ জুলাই হিন্দু রীতিতে পরিবারের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়। ভাইরাল ছবিগুলো মেয়ের নিজের ফেসবুক আইডি থেকে নেওয়া, যেগুলো সে নিজেই আপলোড করেছিল আনন্দের সঙ্গে।
তিনি উল্লেখ করেন, “আমার জামাতা একজন রাজনৈতিক নেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি। তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতেই এই অপপ্রচার।