৭০ শতাংশ দগ্ধ মাকিনের মৃত্যু, বার্ন ইনস্টিটিউটে প্রাণহানি বেড়ে ১৫
রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন মাকিন (১৪) মারা গেছে। সে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাকিনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।
এই নিয়ে দিয়াবাড়ীর ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ জনে।
এর আগে, বৃহস্পতিবার রাত ৮টায় এক নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানিয়েছিলেন, ৪২ জনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।