আগামী ৫-৬ দিন রাজনৈতিক সমঝোতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
বাংলাদেশে নতুন রাজনৈতিক সমঝোতার বিষয়ে আগামী পাঁচ থেকে ছয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "এই পাঁচ-ছয় দিনের মধ্যেই বোঝা যাবে আমরা কোন দিকে যাচ্ছি। তবে যাই হোক, নির্বাচন পেছাবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা খুবই কঠোর অবস্থানে আছেন।"
তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না এবং নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।
প্রেস সচিব আরও বলেন, বর্তমান সরকার এক ধরনের সংকটপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে, কিন্তু তারপরও আন্তর্বর্তী সরকার হিসেবে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।
চাঁদাবাজির প্রসঙ্গ টেনে তিনি জানান, এ বিষয়ে সরকারের অবস্থান 'জিরো টলারেন্স'। প্রমাণ পেলে যে-কারো বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও রাজনৈতিক দলগুলোর তহবিল সংগ্রহে কোনো স্বচ্ছতা নেই, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।