১৩ বছর পর আবার ভারতীয় কোচ, খালিদ জামিল ভারতের নতুন কোচ
দীর্ঘ ১৩ বছর পর ভারতের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন একজন ভারতীয়। শুক্রবার (১ আগস্ট) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানায়, নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মুম্বাইয়ের ৪৮ বছর বয়সী সাবেক ফুটবলার খালিদ জামিল।
এর আগে ২০১১-১২ সালে সাভিও মেদেইরা ছিলেন ভারতের শেষ দেশি কোচ। এরপর স্টিফেন কনস্টানটাইন ও স্টেফান তারকোভিচের মতো বিদেশিদের দিয়ে কাজ চালিয়েছে এআইএফএফ। এবার তাদের পেছনে ফেলে দায়িত্বে এলেন খালিদ জামিল।
খালিদের কোচিং দক্ষতার প্রমাণ পাওয়া গেছে বহুবার। ২০১৬-১৭ মৌসুমে আইজল এফসিকে চমক জাগানিয়া আই-লিগ চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। এছাড়া নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসিকেও আইএসএল প্লে-অফে তুলেছিলেন। এসব কৃতিত্বের কারণেই এবার জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানান, খালিদের সঙ্গে দুই থেকে তিন বছরের একটি দীর্ঘমেয়াদি চুক্তি হবে। তিনি শুধু জাতীয় দলের কোচিংয়ে থাকবেন, কোনো ক্লাবের সঙ্গে যুক্ত থাকবেন না।
খালিদের অধীনে ভারতের কোচ হিসেবে প্রথম ম্যাচ হবে ২৯ আগস্ট, তাজিকিস্তান ও উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য সিএএফ নেশন্স কাপে। এরপর অক্টোবরের ৯ ও ১৪ তারিখে ভারতের মুখোমুখি হবে সিঙ্গাপুর, এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে।