পাকিস্তানকে উড়িয়ে মেগা ফাইনালের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ক্রিকেট ২০২৫-এর মেগা ফাইনালে পাকিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ ও পুরো টুর্নামেন্টের নায়ক ছিলেন এবি ডি ভিলিয়ার্স, যিনি হয়েছেন ফাইনাল ও সিরিজ সেরা।
শনিবার (২ আগস্ট) এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা তোলে ১৯৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন শারজিল খান, ৪৪ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। এছাড়া ওমর আমিন করেন ৩৬ (১৯ বলে), আসিফ ২৮ (১৫ বলে), শোয়েব মালিক ও হাফিজ যথাক্রমে ২০ ও ১৭ রান যোগ করেন।
জবাবে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে ঝড় তুলে ১৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স মাত্র ৪৭ বলে সেঞ্চুরি তুলে নেন এবং ৬০ বলে ১২০ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও ৭টি বিশাল ছক্কা। তাঁকে দুর্দান্তভাবে সঙ্গ দেন জেপি ডুমিনি, যিনি ২৮ বলে করেন ৫০ রান (৪ চার, ২ ছক্কা)।
এই জয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো লিজেন্ডস ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরলো।