ভোটের তারিখ চূড়ান্তের পথে, নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় সম্পন্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতির পথে নির্বাচন কমিশন (ইসি)। অধিকাংশ গুরুত্বপূর্ণ কাজ ইতোমধ্যে শেষ করেছে সংস্থাটি। এখন শুধু বাকি রয়েছে ভোটের তারিখ ঘোষণা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
ইসি সূত্রে জানা গেছে, একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের অংশ হিসেবে ইতোমধ্যেই শেষ হয়েছে ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা তৈরি এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের প্রক্রিয়া শেষ হবে চলতি আগস্টেই। এছাড়া দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, সাংবাদিক ও ভোটকেন্দ্র নীতিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধিত খসড়াও চূড়ান্ত করা হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, ভোটের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা শেষ হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। নির্বাচনী তফসিল ঘোষণার পর শুরু হবে ভোটকেন্দ্র স্থাপন, কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণের মতো কাজগুলো।
সব মিলিয়ে নির্বাচন ঘিরে চূড়ান্ত প্রস্তুতির পথে এগিয়ে চলেছে নির্বাচন কমিশন। দেশজুড়ে ভোটারদের মধ্যে এখন অপেক্ষা শুধুই সেই কাঙ্ক্ষিত তারিখ ঘোষণার।