দশকজুড়ে সম্পর্কের ইতি: টটেনহ্যাম ছাড়লেন সন হিউং-মিন
ইউরোপা লিগ জয়ের পর নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত টটেনহ্যাম হটস্পার হঠাৎ একটি দুঃসংবাদে কেঁপে উঠলো। ক্লাবের কিংবদন্তি ফুটবলার সন হিউং-মিন ঘোষণা দিয়েছেন, তিনি এবার স্পারস ছাড়ছেন।
দক্ষিণ কোরিয়ান এই তারকা রবিবার (৩ আগস্ট) সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানান, "আমি এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবও আমাকে এই সিদ্ধান্তে সহযোগিতা করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।"
২০১৫ সালে জার্মানির বেয়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে যোগ দেন সন। দশ বছরের ক্যারিয়ারে তিনি খেলেছেন ৪৫৪টি ম্যাচ, করেছেন ১৭৩ গোল ও ১০১টি অ্যাসিস্ট। তিনি ক্লাব ইতিহাসে সপ্তম খেলোয়াড় যিনি ৪৫০-এর বেশি ম্যাচ খেলেছেন।
২০১৯ সালে বার্নলির বিপক্ষে করা অসাধারণ গোলের জন্য ফিফা পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছিলেন সন। আর গেল মৌসুমে ইউরোপা লিগ জয়ের মাধ্যমে ক্লাবকে বহুদিন পর এনে দেন একটি বড় শিরোপা।
যদিও তিনি এখনো নিশ্চিত করেননি পরবর্তী গন্তব্য কোথায়, তবে ইএসপিএনের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি তাকে নিতে আগ্রহী। বর্তমানে ক্লাবটিতে খেলছেন জার্মান তারকা মার্কো রিউস।
টটেনহ্যামের কোচ টমাস ফ্রাঙ্ক বিদায়ী তারকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "এই অসাধারণ মানুষ ও খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগত। তিনি সত্যিকারের টটেনহ্যাম কিংবদন্তি এবং প্রিমিয়ার লিগের অন্যতম সেরা খেলোয়াড়। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই ও তার জন্য শুভকামনা রইল।