দুই বছর পর জোড়া গোলের স্বাদ, ইনজুরি ভুলে ফিরলেন নেইমার
চোটের কারণে বছরের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয় নেইমারকে। এতে তার পারফরম্যান্সে দেখা দেয় বড় ধরনের ওঠানামা। ইউরোপ ছাড়িয়ে মধ্যপ্রাচ্যে, সেখান থেকে স্বদেশে ফিরে এসেও ইনজুরির ঘেরাটোপ থেকে মুক্ত হতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। তবে এবার ফিরলেন নতুন চুলের স্টাইল আর পুরনো ছন্দ নিয়ে।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ব্রাজিলিয়ান সিরি আ’ লিগে জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের হয়ে প্রথম একাদশে মাঠে নামেন নেইমার। পুরো ম্যাচ খেলেন এবং করেন জোড়া গোল। সান্তোস ম্যাচটি জিতে ৩-১ ব্যবধানে। দলের অপর গোলটি করেন আলভারো ব্যারিয়েল, আর প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন উইলকের এঞ্জেল।
ম্যাচের ৩৬তম মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে প্রথম গোলটি করেন নেইমার। আর্জেন্টাইন উইঙ্গার আলভারোর শট ফেরাতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগান ব্রাজিলিয়ান সুপারস্টার। এরপর দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার।
২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। আর প্রায় দুই বছর পর এক ম্যাচে পেলেন জোড়া গোলের স্বাদ। এই পারফরম্যান্সে সমর্থকদের মনে আবারও জাগিয়েছে পুরনো নেইমারের ছায়া।