নিউজিল্যান্ড দলে ইনজুরির হানা, ও’রোক ছিটকে পড়ায় সুযোগ পেলেন লিস্টার
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। তরুণ পেসার উইল ও’রোক পিঠের চোটে ছিটকে পড়েছেন সিরিজের বাকি অংশ থেকে। বুলাওয়ায়োতে প্রথম টেস্টের তৃতীয় দিনে চোট পান তিনি। পুরোপুরি সেরে না উঠায় দ্বিতীয় ম্যাচে আর মাঠে নামা হচ্ছে না তার।
তার জায়গায় স্কোয়াডে ঢুকেছেন বাঁহাতি পেসার বেন লিস্টার, যিনি আগেই কাভার হিসেবে দলের সঙ্গে ছিলেন। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা ও’রোক দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন তিন উইকেট।
এদিকে ও’রোক ও ন্যাথান স্মিথের ইনজুরিতে দলে বড় পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্ভাবনা রয়েছে দুই পেসারের অভিষেকেরও। জ্যাকারি ফোকস, জ্যাকব ডাফি ও ম্যাট ফিশারের মধ্যে অন্তত দুজনকে দেখা যেতে পারে সাদা পোশাকে।
অধিনায়ক টম ল্যাথামের খেলা নিয়েও রয়েছে সংশয়। প্রথম টেস্টে পাঁজরের চোটে না খেলা এই ওপেনার এখনো ফিট নন। তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন মিচেল স্যান্টনার।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। প্রথম ম্যাচে ৯ উইকেটে জয় তুলে নিয়ে নিউজিল্যান্ড এখন ১-০ ব্যবধানে এগিয়ে।