সিরি আ'তে নতুন চুক্তি: অবনমনে খেলোয়াড়দের বেতন কমবে ২৫%
ইতালির শীর্ষ লিগ সিরি আ ও ইতালিয়ান ফুটবল খেলোয়াড়দের সংগঠন (AIC) নতুন একটি পাঁচ বছরের চুক্তি করেছে, যার আওতায় কোনো ক্লাব সিরি বি’তে অবনমিত হলে খেলোয়াড়দের বেতন ২৫ শতাংশ কমানো যাবে।
মঙ্গলবার (৫ আগস্ট) এই চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সিদ্ধান্তটি নেয়া হয়েছে অবনমনের পর ক্লাবগুলোর আর্থিক চাপ কমাতে। নতুন নিয়ম ২ সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার পর কার্যকর হবে এবং কেবল নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
তবে যেসব খেলোয়াড় পুরনো চুক্তির আওতায় আছেন, তাদের বেতনে কোনো পরিবর্তন আসবে না। আর যদি অবনমনের পর কোনো দল আবার সিরি আ’তে ফিরে আসে, তাহলে সেই খেলোয়াড়দের পূর্ণ বেতন ফেরত দেয়া হবে। এছাড়া চুক্তিতে খেলোয়াড়দের বয়স অনুযায়ী একটি সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে, যা অবনমনের পরও কমানো যাবে না।
এছাড়া ২০২৫-২৬ মৌসুম থেকে সিরি আ’র ম্যাচ পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আসছে। রেফারিরা এখন থেকে স্টেডিয়াম ও টেলিভিশন দর্শকদের সামনে সরাসরি VAR সিদ্ধান্তের ব্যাখ্যা দেবেন।
ইংল্যান্ড, জার্মানি এবং ফিফার কিছু টুর্নামেন্টে পরীক্ষামূলকভাবে এরকম ব্যবস্থা ইতিমধ্যে চালু হয়েছে। এবার সেই পথেই হাঁটছে ইতালি।