বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের তাণ্ডব: পূর্ব তিমুরকে ৮-০ গোলে বিধ্বস্ত
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভিয়েনতিয়েনের নিউ লাওস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তারা পূর্ব তিমুরকে ৮-০ গোলে পরাজিত করেছে। দুই অর্ধে সমান চারটি করে গোল করে প্রতিপক্ষকে এক মুহূর্তের জন্যও দাঁড়াতে দেয়নি বাংলাদেশের মেয়েরা।
ম্যাচে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা, যিনি আক্রমণভাগে ছিলেন দুর্দান্ত।
খেলার ২০ মিনিটে কর্নার থেকে হেড করে প্রথম গোল করেন শিখা সিনহা। এরপর ৩৩ মিনিটে বাঁ পায়ের সরাসরি কর্নার থেকে গোল করেন শান্তি মার্ডি।
তিন মিনিট পর শান্তির কর্নার থেকেই হেডে গোল করেন নবীরন। প্রথমার্ধের ইনজুরি টাইমে সাগরিকার পাসে দারুণ প্লেসিংয়ে নিজের প্রথম গোল করেন তৃষ্ণা।
বিরতির পর মাঠে নেমেই আগ্রাসী হয়ে ওঠে বাংলাদেশ। গোলমুখে জটলার মধ্যে থেকে তৃষ্ণা করেন তার দ্বিতীয় গোল। এরপর ৭২ মিনিটে সাগরিকা দলের ষষ্ঠ গোলটি করেন।
৮২ মিনিটে আসে তৃষ্ণার হ্যাটট্রিক গোল। মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়ে বক্সে ঢুকে সাগরিকার কাটব্যাক পাস থেকে সহজ ফিনিশিং করেন তিনি।
ইনজুরি টাইমে মুনকি আক্তার দলের পক্ষে অষ্টম ও শেষ গোলটি করেন জটলার ভেতর থেকে নিখুঁত শটে।
এ জয় বাংলাদেশের জন্য বড় আত্মবিশ্বাস হয়ে দাঁড়াবে, কারণ আগামী রোববার (১০ আগস্ট) গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা।