নাপোলি থেকে ইতালিয়ান ফরোয়ার্ড রাসপাদোরিকে দলে নিল আতলেতিকো মাদ্রিদ
নতুন মৌসুম সামনে রেখে দলকে আরও শক্তিশালী করছে আতলেতিকো মাদ্রিদ। সর্বশেষ সংযোজন হিসেবে নাপোলি থেকে ইতালিয়ান ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরিকে দলে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
সোমবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ২৫ বছর বয়সী রাসপাদোরির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে তারা। ইতালির গণমাধ্যমের তথ্যমতে, এ জন্য আতলেতিকোর খরচ হয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ ইউরো। গ্রীষ্মকালীন দলবদলে এটি তাদের সপ্তম সাইনিং।
রাসপাদোরি ২০২২ সালে সাস্সুয়োলো থেকে ধারে নাপোলিতে যোগ দেন এবং প্রথম মৌসুমেই সিরি আ শিরোপা জেতেন। পরের মৌসুমে নাপোলি তাকে স্থায়ীভাবে দলে ভিড়ায়। নাপোলির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৯ ম্যাচে করেছেন ১৩ গোল এবং করিয়েছেন ১০টি, যদিও বেশিরভাগ সময়ই মাঠে নেমেছেন বদলি হিসেবে।
২০২০ সালের ইউরোজয়ী ইতালি দলের সদস্য ছিলেন রাসপাদোরি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪০ ম্যাচে ৯ গোল করেছেন এই ফরোয়ার্ড।