১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে হার্টের রিংয়ের নতুন দাম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত হার্টের রিংয়ের (স্টেন্ট) নতুন দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, জীবন রক্ষাকারী স্টেন্ট, পেসমেকার, বেলুন, ক্যাথেটারসহ বিভিন্ন মেডিকেল ডিভাইসের দাম সহনীয় রাখতে সরকার মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে।
এ লক্ষ্যে গত ১৩ এপ্রিল মন্ত্রণালয় দেশের শীর্ষ কার্ডিয়াক, ভাস্কুলার ও নিউরো সার্জনদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। তিন দফা বৈঠকের পর কমিটি বাজারে প্রচলিত তিনটি মার্কিন কোম্পানির স্টেন্টের মূল্য বিশ্লেষণ করে এবং প্রতিবেশী দেশের দাম, ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য চার্জ বিবেচনায় এনে গত ৮ জুলাইয়ের সভায় সুপারিশ করে। এর ভিত্তিতে ৩ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগ নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে।
ডা. আকতার হোসেন জানান, নতুন দামে স্টেন্ট পাওয়া গেলে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। যদিও কিছু আমদানিকারক পুরনো দামের মজুত থাকার কথা জানিয়ে সময় চাইছিল, জনস্বার্থে এবং গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর হাসপাতালগুলোতে নতুন দামের পণ্যের চাহিদা বেড়েছে।
তিনি আরও জানান, আগামী ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে এবং পর্যায়ক্রমে হার্টের চিকিৎসায় ব্যবহৃত সব মেডিকেল ডিভাইসের দাম যৌক্তিকভাবে পুনঃনির্ধারণ করা হবে।