ভারতের সঙ্গে খেলতে না চাওয়ার কারণ জানালেন সাবেক পাক ক্রিকেটার বাসিত আলি
সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি আশা প্রকাশ করেছেন যে, আসন্ন এশিয়া কাপে ভারত যেন পাকিস্তানের বিপক্ষে না খেলে—যেমনটি তারা সাম্প্রতিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস-এ করেছিল। তার মতে, ভারত যদি পাকিস্তানের মুখোমুখি হয়, তবে বড় লজ্জায় পড়তে পারে, যেমনটা পাকিস্তান সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হয়েছে।
তৃতীয় ম্যাচে ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান মাত্র ৯২ রানে অলআউট হয়। প্রথম ম্যাচে জয় পেয়ে ১-০ তে এগিয়ে থেকেও সিরিজের পরের দুই ম্যাচে হেরে যায় দলটি। এতে ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারল পাকিস্তান।
নিজের ইউটিউব চ্যানেল দ্য গেম প্ল্যান-এ বাসিত আলি বলেন,
“আমি দোয়া করি ভারত যেন পাকিস্তানের সঙ্গে না খেলে, যেমনটা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে করেছিল। এত বড় ধাক্কা দেবে যে কল্পনাতেও আসবে না।”
তিনি আরও বলেন,
“আফগানিস্তানের কাছে হেরে গেলে দেশে খুব একটা আলোড়ন হয় না। কিন্তু ভারতের কাছে হেরে গেলে সবাই পাগল হয়ে যায়।”
তবে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এই ফরম্যাটে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স তুলনামূলক ভালো। সালমান আঘার নেতৃত্বে দলটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল।