মেসি–রোনালদোকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক বিক্রিত জার্সির মালিক সন হিউং-মিন
মেজর লিগ সকারে (এমএলএস) যোগদানের মাত্র কয়েক দিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে বিক্রির দিক থেকে ছাড়িয়ে গেছেন। লস এঞ্জেলেস এফসির নম্বর ৭ জার্সি এখন বিশ্বের সর্বাধিক বিক্রিত খেলোয়াড়ের জার্সি হিসেবে রেকর্ড গড়েছে।
ক্লাবটির কো-প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার জন থরিংটন জানান, “এটি শুধু এমএলএসের নয়, বর্তমানে বিশ্বের সব ক্রীড়াবিদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সি।”
তার মতে, সনের জার্সি বিক্রি লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, লেব্রন জেমস ও স্টিফেন কারির চেয়ে অনেক এগিয়ে।
সন হিউং-মিন ৭ আগস্ট টটেনহাম হটস্পার থেকে ১৯.৫ মিলিয়ন পাউন্ডের সর্বোচ্চ ট্রান্সফার ফিতে লস এঞ্জেলেস এফসিতে যোগ দেন। তার আগমনকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাসে জার্সি বিক্রি এবং ম্যাচের টিকিটের চাহিদা বেড়ে গেছে।
নম্বর ৭ জার্সির দাম ১৯৫ ডলার, তবে বিপুল চাহিদার কারণে ডেলিভারিতে দেরি হচ্ছে।