বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমখেলাসূর্যকুমারের নেতৃত্বে এশিয়া কাপে ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা

সূর্যকুমারের নেতৃত্বে এশিয়া কাপে ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা

favicon
অনলাইন সংস্করণ
সূর্যকুমারের নেতৃত্বে এশিয়া কাপে ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা

এশিয়া কাপকে সামনে রেখে অবশেষে ভারতীয় দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অধিনায়কত্বের দায়িত্ব উঠেছে সূর্যকুমার যাদবের কাঁধে। ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ, আবার বাদ পড়েছেন পরিচিত কয়েকজন ক্রিকেটারও।


বেশ কিছুদিন ধরে জাসপ্রিত বুমরাহর ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাকেই বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছে ভারত। তাকে সঙ্গ দেবেন আর্শদ্বীপ সিং ও হরষিত রানা। স্পিন বিভাগে থাকছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। বোলিংয়ে বাড়তি ভরসা দিতে তিন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, শিবম দুবে ও অক্ষর প্যাটেল রয়েছেন দলে।


ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন অভিষেক শর্মা। তার সঙ্গী হিসেবে থাকবেন সঞ্জু স্যামসন ও সহ-অধিনায়ক শুবমান গিল। মাঝের সারিতে অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে ব্যাটিং সামলাবেন তিলক ভার্মা, জিতেশ শর্মা ও রিংকু সিং। উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন স্যামসন বা জিতেশ—এ দুজনের মধ্যে একজন।


তাদের জায়গা দিতে বাদ পড়েছেন যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। তবে আইয়ার ও সিরাজ বাদে বাকি পাঁচজনকে রিজার্ভে রাখা হয়েছে।


আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।


ভারতের ১৫ সদস্যের দল


অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শুবমান গিল (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, জিতেশ শর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বীপ সিং, হরষিত রানা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।