মুন্সিগঞ্জে বর্ণাঢ্য উদ্বোধনে পর্দা উঠল যুব ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫
মুন্সিগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে যুব উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫। শনিবার (৩০ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, তরুণদের বিশেষ উপস্থাপনা এবং টুর্নামেন্টের লোগো উন্মোচন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মুন্সিগঞ্জ ও মাদারীপুর জেলা দল।
এবারের আসরে ৬৪ জেলার দল ৮টি জোনে প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টে থাকবে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিক বাছাইপর্ব, নকআউট রাউন্ড এবং নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। সারাদেশে মোট ১১২টি ম্যাচের আয়োজন করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এ প্রতিযোগিতা জেলা পর্যায়ের ফুটবলকে নতুন প্রাণ দেবে এবং প্রতিভাবান নতুন খেলোয়াড়দের আবিষ্কার করবে।
প্রসঙ্গত, ‘যুব উৎসব ২০২৫—একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার’, যা প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। এর মূল লক্ষ্য জাতীয় ঐক্য বৃদ্ধি, সহযোগিতার মনোভাব ছড়িয়ে দেওয়া এবং তরুণ পরিবর্তনসাধকদের অবদানকে সামনে নিয়ে আসা।