ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৩২
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৩২ জনে। একই সময়ে নতুন করে ৩৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া দুজনের একজন পুরুষ (৫২) ও একজন নারী (৪২)।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) ৭৬ জন, ঢাকা বিভাগের অন্য জেলায় ৫০ জন, বরিশালে ৪৯ জন, খুলনায় ৩৮ জন এবং ময়মনসিংহে ২০ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ৩৩ হাজার ৮৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩২ হাজার ১৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মারা যাওয়া ১৩২ জনের মধ্যে ৭২ জন পুরুষ এবং ৬০ জন নারী।