এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটে নেই আগের মতো উন্মাদনা
ভারতীয় ক্রিকেটে বড় টুর্নামেন্ট মানেই বাড়তি উন্মাদনা। সেটা এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ। তবে এবারের এশিয়া কাপকে ঘিরে সেই উত্তেজনা নেই। অথচ সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ—আগামী ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
চ্যাম্পিয়নস ট্রফির পর পাকিস্তান ও বাংলাদেশ যেখানে যথাক্রমে ১৯ ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছে, শ্রীলঙ্কাও নেমেছে ছয় ম্যাচে, সেখানে ভারত খেলেছে পুরো বছরে মাত্র পাঁচটি ম্যাচ। ১৫ সদস্যের দলে থাকা ১২ জন ক্রিকেটারের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচও ফেব্রুয়ারি-মার্চে। এমনকি শুবমান গিল ও জাসপ্রিত বুমরাহর মতো তারকারা এক বছরেরও বেশি সময় টি-টোয়েন্টিতে মাঠে নামেননি।
এবার প্রথমবারের মতো বহুদলীয় টুর্নামেন্টে নেতৃত্ব দিচ্ছেন সুর্যকুমার যাদব। সহ-অধিনায়ক হয়েছেন শুবমান গিল, অর্থাৎ তার একাদশে জায়গা প্রায় নিশ্চিত। তবে এতে সমস্যায় পড়েছেন সঞ্জু স্যামসন। গত এক বছরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও ওপেনার কিংবা উইকেটকিপার হিসেবে তার জায়গা অনিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে আইপিএলে দুর্দান্ত ফিনিশিং দক্ষতা দেখিয়ে আলোচনায় এসেছেন জিতেশ শর্মা, তাকেই এখন প্রথম পছন্দ হিসেবে ভাবছে টিম ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে সুর্যকুমার রসিকতা করে বলেন, ‘ওর (স্যামসনের) যথেষ্ট খেয়াল রাখছি। চিন্তা করবেন না, আমরা সঠিক সিদ্ধান্ত নেব।’
ম্যাচের আগে টানা তিন দিন অনুশীলন করেছে ভারত। দুবাইয়ের তাপমাত্রা ৪২ থেকে ৫২ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় অনুশীলন কঠিন হয়ে উঠেছে। এদিকে ম্যাচের আগের দিন পিচে ঘাস দেখা যাওয়ায় কৌশল নিয়ে নতুন চিন্তায় ম্যানেজমেন্ট। কুলদীপ যাদব অনুশীলনে না থাকলেও বরুণ চক্রবর্তী নিয়মিত বল করেছেন, তাই এক স্পিনারে নামলে তাকেই এগিয়ে রাখা হচ্ছে। অন্যদিকে বুমরাহর সঙ্গী হিসেবে আর্শদীপ সিং খেললে ব্যাটিং গভীরতায় ঘাটতি দেখা দিতে পারে।
আরব আমিরাতে ভারতের রেকর্ড ভালো নয়। ২০২১ সালের বিশ্বকাপ আর ২০২২ সালের এশিয়া কাপে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছিল। তাই প্রথম ম্যাচেই স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সতর্ক থাকতে হবে সুর্যকুমারের দলকে। কারণ আফগানিস্তান ও বাংলাদেশকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ ইতোমধ্যেই দিয়েছে স্বাগতিকরা।
গরম আবহাওয়া, দীর্ঘদিন খেলা না পাওয়া ক্রিকেটার এবং দলে নতুন সমীকরণ—সব মিলিয়ে ভারতের সামনে এখন বড় পরীক্ষা। তবে ভারতীয় ক্রিকেট বারবার দেখিয়েছে, বড় মঞ্চেই তারা জ্বলে ওঠে। এবারও কি সেই ইতিহাস গড়বে? উত্তর খুঁজবে এশিয়া কাপের মঞ্চেই।