এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দুবাই পুলিশের কড়া সতর্কবার্তা
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মহারণকে ঘিরে দুবাই পুলিশ সমর্থকদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে পৌঁছালেও, কর্তৃপক্ষ জানিয়েছে—স্টেডিয়ামে কোনো ধরনের সহিংসতা, অশালীন আচরণ বা বর্ণবিদ্বেষ সহ্য করা হবে না।
দুবাই পুলিশের ইভেন্টস সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই জানিয়েছেন, নিয়ম ভঙ্গকারীদের এক থেকে তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম জরিমানা হতে পারে। পাকিস্তানি মুদ্রায় যা প্রায় ৭.৫ লাখ থেকে ২৩ লাখ রুপি সমপরিমাণ।
দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে দুবাই পুলিশ বলেছে, খেলার আনন্দ উপভোগ করতে হলে শৃঙ্খলা ও ইতিবাচক আচরণ বজায় রাখা অপরিহার্য। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যাতে মাঠের পরিবেশ ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত থাকে।