দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর
বাংলাদেশে টাইফয়েড জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব রোধে আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। সরকারের এই কর্মসূচির আওতায় প্রায় ৪ কোটি ৯০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
তিনি বলেন, ১২ অক্টোবর থেকে টানা ১০ দিন ঢাকাসহ সব জেলা-উপজেলা পর্যায়ের স্কুল-কলেজে টিকা কার্যক্রম চলবে। পরে ১ নভেম্বর থেকে ইউনিয়ন পর্যায়ের সেন্টারগুলোতে আরও ১০ দিনব্যাপী টিকা দেওয়া হবে।
এর আগে, ১ আগস্ট থেকে স্কুল-কলেজে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। অভিভাবকেরা শিশুদের জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে www.vexepi.gov.bd
ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে জন্মসনদ না থাকলেও শিশুরা তথ্য প্রদান সাপেক্ষে টিকা নিতে পারবে।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত সেন্টারে টিকা দেওয়া হবে। এ লক্ষ্যে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক।
তিনি আরো বলেন, “টাইফয়েড একটি ছোঁয়াচে সংক্রামক রোগ। খাওয়ার আগে এবং মলমূত্র ত্যাগের পর ভালোভাবে হাত ধুলে অনেকাংশে এ রোগ থেকে রক্ষা পাওয়া যায়। তবে অন্য কারণেও এ রোগ হতে পারে, তাই টিকাদান অত্যন্ত জরুরি।”
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন ও প্লানিং) ডা. মোহাম্মদ আবু হানিফ, ইপিআই লাইন ডিরেক্টর ডা. মো. আব্দুল্লাহ আল মুরাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।