ইংল্যান্ডে রাশফোর্ডের জোড়া গোল, নিউক্যাসলকে হারিয়ে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু বার্সার
ইংল্যান্ডে ফেরাটা স্মরণীয় করে রাখলেন মার্কাস রাশফোর্ড। বার্সেলোনার জার্সিতে প্রথম গোলের ম্যাচেই জোড়া গোল করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। তার অসাধারণ নৈপুণ্যে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু করেছে হান্সি ফ্লিকের দল।
বৃহস্পতিবার রাতে সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরে যায়।
চোটের কারণে তরুণ তারকা লামিনে ইয়ামালকে ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। বল দখলে তারা ছিল ৬৫ শতাংশ আধিপত্যে এবং ১৯টি শটের মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে নিউক্যাসল ১০টি শটের ছয়টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
প্রথমার্ধে নিউক্যাসলের হার্ভে বার্নস দু’বার গোলের সুযোগ তৈরি করলেও বার্সেলোনার স্প্যানিশ গোলরক্ষক হোয়ান গার্সিয়া দুর্দান্ত সেভে তা প্রতিহত করেন।
৫৮তম মিনিটে জুল কুন্দের ক্রসে হেড থেকে গোল করে রাশফোর্ড এগিয়ে দেন দলকে। গ্যালারিতে বসে এই গোল দেখেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ টমাস টুখেল। ৬৭তম মিনিটে আরও একবার জ্বলে ওঠেন রাশফোর্ড। প্রতিপক্ষের পা থেকে বল কেটে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দূরপাল্লার শটে জালে পাঠান তিনি। পোস্টে লেগে জালে ঢোকা সেই শটে উল্লাসে ফেটে পড়ে বার্সা সমর্থকরা।
৯০তম মিনিটে জ্যাকব মার্ফির পাস থেকে গোল করে ব্যবধান কমান নিউক্যাসলের গর্ডন। তবে শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। যোগ করা সময়ে দানি ওলমোর একটি শট কর্নারে ঠেকিয়ে দেন নিউক্যাসল গোলরক্ষক।