শ্রীলঙ্কার বিপক্ষে বাজিতে একমাত্র বাংলাদেশের পক্ষেই ছিলেন বাজিদ খান
ম্যাচ শুরুর আগে বাজির পাল্লা হেলে ছিল শ্রীলঙ্কার দিকে। তবে একমাত্র বাংলাদেশকে ভরসা করেছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাজিদ খান। আর শেষ পর্যন্ত বাজিতেই জয়ী হলেন তিনি।
শনিবার (২০ সেপ্টেম্বর) পাকিস্তানের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড-এর ক্রিকেট শো গেম অনুষ্ঠানে এই বাজি ধরা হয়। শোতে উপস্থিত চার সাবেক পাকিস্তানি ক্রিকেটার প্রতীকী বাজিতে অংশ নেন। মিসবাহ-উল-হক, শোয়েব মালিক ও উমর গুল শ্রীলঙ্কার পক্ষে বাজি ধরলেও একমাত্র বাজিদ খান বাংলাদেশের জয় ভবিষ্যদ্বাণী করেছিলেন।
ম্যাচ শেষে বাজিদ খানের সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হলো। তবে বাংলাদেশ জেতার পর শোতে উপস্থিত সবাই টাইগারদের জয় উদ্যাপন করেন।
উল্লেখ্য, এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। জয়ের পর টাইগারদের প্রশংসায় ভাসালেও ম্যাচের আগে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বাংলাদেশের পক্ষে বাজি ধরতে দ্বিধায় ছিলেন।