বিসিবি নির্বাচন শিডিউল অনিশ্চয়তা, বিপিএলে যুক্ত হচ্ছে আইএমজি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কাউন্সিলর লিস্ট প্রকাশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে শিডিউল পুনর্নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে।
এদিন বিসিবির বোর্ড সভা শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, আগামী তিন বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হচ্ছে আন্তর্জাতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)।
তিনি আরও জানান, সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ মনোনয়ন ফর্ম জমা পড়েছে রাত ৯টায়, যা নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর। যদিও জমাদানের সময় বাড়ানো হয়নি, তবুও আবেদনপত্রে সময় উল্লেখ করে তা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
এছাড়া, বিতর্কিত ১৪ ক্লাবের ভোটাধিকার ইস্যুটি এখনও তদন্তাধীন থাকায় তা বাতিল করা হয়নি। সভায় আরও জানানো হয়, বিদায়ী কমিটি বিসিবির কোষাগারে ১ হাজার ৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছে।