লা লিগায় লেভান্তেকে উড়িয়ে শীর্ষ আরও মজবুত করলো রিয়াল মাদ্রিদ
লা লিগায় দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ। লেভান্তেকে ৪-১ গোলে হারিয়ে টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়েছে শাভি আলোনসোর শিষ্যরা। এই জয়ে তারা ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে।
ভ্যালেন্সিয়ার মাঠে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লস ব্লাঙ্কোস। ২৮ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র চমৎকার গোল করে দলকে এগিয়ে দেন। কিছুক্ষণ পর রিয়ালের নতুন আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো নিজের প্রথম গোলের দেখা পান, যেখানে অবদান ছিল ভিনিসিয়াসেরও।
বিরতির আগে আরও একটি সুযোগ পেলেও গোল পাননি ভিনিসিয়াস। ফলে ২-০ লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে লেভান্তে ব্যবধান কমালেও (গোলদাতা ইত্তা ইয়ং), এরপর ম্যাচ পুরোপুরি চলে যায় কিলিয়ান এমবাপের দখলে। ৬৪ মিনিটে নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করার পর দুই মিনিট পর আরেকটি দুর্দান্ত শটে ব্যবধান ৪-১ করেন তিনি। এ নিয়ে এবারের লা লিগায় এমবাপের গোল সংখ্যা দাঁড়াল ৭।
এই জয়ের ফলে শিরোপাধারী বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে আরও দৃঢ় হলো রিয়ালের শীর্ষস্থান। ছয় ম্যাচে তাদের পয়েন্ট ১৮, এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।