মহাসপ্তমীতে শুরু মূল দুর্গাপূজা
পঞ্চমীতে বোধন ও ষষ্ঠীতে আমন্ত্রণ-অধিবাস শেষে আজ মহাসপ্তমী পালিত হচ্ছে। ষষ্ঠী থেকেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল পূজা শুরু হয় সপ্তমী তিথিতে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। মন্ত্রোচ্চারণ, ধূপ ও আরতির মাধ্যমে চলবে দেবী বন্দনা।
এবার দেবী আসছেন গজে (হাতি চড়ে), যা হিন্দু শাস্ত্রমতে মর্ত্যলোকে সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রতীক। তবে দেবীর গমন দোলায় (পালকি চড়ে), যা দুর্ভিক্ষ, মহামারি বা বিপর্যয়ের আশঙ্কা নির্দেশ করে।
নবপত্রিকা স্থাপনও আজ অনুষ্ঠিত হবে। কলাগাছসহ নয়টি বিশেষ গাছের পাতা—কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, দাড়িম্ব, অশোক, মান ও ধান—একত্র করে সাজানো হয় ‘কলাবউ’ রূপে, যা দেবী দুর্গার নয়টি রূপের প্রতীক। নবপত্রিকা প্রবেশ শেষে দর্পণ স্নানের মধ্য দিয়ে দেবীকে মহাস্নান করানো হয়।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, রমনা কালীমন্দির, আনন্দময়ী আশ্রম, বরোদেশ্বরী কালীমাতা মন্দিরসহ সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা শুরু হয়েছে। এ বছর ঢাকা মহানগরে ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আগামীকাল মঙ্গলবার মহাঅষ্টমী ও কুমারী পূজা এবং বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গোৎসব।