বিসিবি নির্বাচন: ক্লাব কোটায় সমঝোতার আলাপ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্লাব কোটার ১২টি পরিচালক পদ ভাগাভাগি নিয়ে আলোচনায় চলছে দুই পক্ষের সমঝোতার চেষ্টা। ক্রিকেটাঙ্গনে এখন আলোচিত সমীকরণ—‘নাইন প্লাস থ্রি’ বা ‘টেন প্লাস টু’। কয়েক দিন আগের যুদ্ধংদেহি পরিস্থিতি এখন অনেকটা প্রশমিত হলেও সমঝোতার সূত্রে এখনও নিশ্চিত সিদ্ধান্ত হয়নি।
তামিম ইকবালপন্থী অংশ দুই-তিনটি পদ ছাড় দিতে রাজি হয়েছে বলে গুঞ্জন থাকলেও আমিনুল ইসলামপন্থী শিবিরের রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছেন। তিনি বলেন, “প্রতিপক্ষ না থাকলে নির্বাচন জমে নাকি? আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা হোক।” তবে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেননি।
আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। আগামীকাল থাকবে আপত্তি গ্রহণ ও শুনানি। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে সব পক্ষই সমঝোতার দরজা খোলা রেখেছে।
এরই মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর কাউন্সিলরের নাম পাঠানো নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা আদালতের আদেশে স্থগিত আছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের পাঠানো চিঠির কার্যকারিতা ২২ সেপ্টেম্বর হাইকোর্ট স্থগিত করে। একই দিন রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে।