হিন্দু নির্যাতনের অভিযোগ নাকচ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ সরাসরি নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেন, দেশে কোনো হিন্দুবিদ্বেষী সহিংসতা চলছে না।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইউনূস। সাক্ষাৎকারটি সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।
অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো।”
প্রসঙ্গত, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
নিজেকে প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রথমে তিনি বিস্মিত হয়েছিলেন। তবে আন্দোলনকারীদের আহ্বানে অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্তও বদলাব।”
সাক্ষাৎকারে ইউনূস আরও আলোচনা করেন জাতীয় নির্বাচন বিলম্বিত হওয়ার কারণ, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণসহ বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে।