ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যের ডাক দিলেন সালাহউদ্দিন আহমদ
দেশের মানুষ এখন নির্বাচনমুখী, আর যারা ভোট প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। বরং সব ধর্ম ও বর্ণের মানুষের সমন্বয়ে রাজনীতি করে আসছে দলটি। বিএনপি চায় সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে জনগণের ভোটাধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হোক। এ সময় তিনি সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসাথে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সম্ভাব্য প্রার্থীরাও ইতোমধ্যে জনসংযোগ করছেন। জনগণও নির্বাচনমুখী। যে কোনো দল নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। গণতন্ত্রের অগ্রযাত্রায় বাধা সৃষ্টির চেষ্টা এখন দৃশ্যমান হলেও, দেশি-বিদেশি যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে।
অন্যদিকে, পিআর পদ্ধতিকে সমালোচনা করে তিনি বলেন, এই ব্যবস্থায় দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীলতা বিরাজমান থাকে। তাই দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে।