সারা দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এক দিনে নতুন আক্রান্ত ৭০০
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৭০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২০ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা তিনজনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।
একই সময়ে নতুন আক্রান্ত ৭০০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪১ জন, দক্ষিণ সিটিতে ১১৪ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩৪ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুর বিভাগে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ১০৪ জনে। এর মধ্যে ইতোমধ্যে ৬৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।