পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের জায়গায় জিম্বাবুয়ে
পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান। তাদের স্থলাভিষিক্ত হিসেবে সিরিজে অংশ নেবে জিম্বাবুয়ে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানের আয়োজনে সিরিজটি আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে।
পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, “জিম্বাবুয়ে পিসিবির আমন্ত্রণ গ্রহণ করেছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সিরিজটি অনুষ্ঠিত হবে।”
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচ ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে। এরপর ১৯ নভেম্বর একই ভেন্যুতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
রাওয়ালপিন্ডির দুই ম্যাচ শেষে সিরিজের বাকি পাঁচটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।