সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমখেলাভারতের রাজনৈতিক চাপের অভিযোগ তুললেন সাবেক আন্তর্জাতিক রেফারি ক্রিস ব্রড

ভারতের রাজনৈতিক চাপের অভিযোগ তুললেন সাবেক আন্তর্জাতিক রেফারি ক্রিস ব্রড

favicon
অনলাইন সংস্করণ
ভারতের রাজনৈতিক চাপের অভিযোগ তুললেন সাবেক আন্তর্জাতিক রেফারি ক্রিস ব্রড

দীর্ঘ ২১ বছর আন্তর্জাতিক ক্রিকেটে রেফারির দায়িত্ব পালন করেছেন ক্রিস ব্রড। এই সময়ে তিনি পরিচালনা করেছেন ১২৩টি টেস্ট, ৩৬১টি একদিনের আন্তর্জাতিক ও ১৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ। এবার অভিজ্ঞ এই রেফারি সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)কে নিয়ে অভিযোগ তুলেছেন। তার দাবি, ভারত বারবার ধীর বোলিং করলেও তাকে শাস্তি দিতে বাধা দেওয়া হতো।

দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে ব্রড বলেন, “একটি ম্যাচে ভারত তিন-চার ওভার পিছিয়ে ছিল। নিয়ম অনুযায়ী তাদের শাস্তি দেওয়া উচিত ছিল। ঠিক তখনই ফোন আসে, বলা হলো ‘একটু সহানুভূতির চোখে দেখো, কারণ এটা ভারত’। তাই আমাকে বাধ্য হয়ে বিষয়টি অন্যভাবে দেখতে হয়েছিল।”

তিনি আরও জানান, পরবর্তী ম্যাচেও একই ঘটনা ঘটে। দ্রুত ম্যাচ শেষ করার চেষ্টা করতে হয়েছিল, কিন্তু তখনও ভারতকে শাস্তি দিতে বলা হয়। ব্রড অভিযোগ করেন, এখানেই প্রথম থেকেই রাজনীতি জড়িত ছিল।

ক্রিস ব্রড বলেন, তার ২১ বছরের ক্যারিয়ারে বহুবার রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হয়েছে। তবে তিনি সবসময় সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন। গত বছর তার চুক্তি আর বাড়ানো হয়নি আইসিসির পক্ষ থেকে।

তিনি আরও বলেন, “আমি চেয়েছিলাম আরও কয়েক বছর দায়িত্বে থাকতে। এই সময়ের মধ্যে অনেক ঝড়-ঝাপটা সামলেছি। আমি এই কাজটা ভালোবাসতাম।”

ব্রড মন্তব্য করেন, “ভিন্স ভ্যান ডার বিজল আম্পায়ার ম্যানেজার থাকাকালে আমাদের সমর্থন করতেন। তার পরে ব্যবস্থাপনা দুর্বল হয়ে গেছে। এখন সবটা ভারতের হাতে, তারা আইসিসির দখল নিয়েছে। ক্রিকেট এখন অনেক বেশি রাজনৈতিক হয়ে গেছে। আমি খুশি যে আর এখানে নেই।”