সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমখেলাআইপিএল ২০২৬: লখনউ সুপার জায়ান্টসের কোচ হতে পারেন যুবরাজ সিং

আইপিএল ২০২৬: লখনউ সুপার জায়ান্টসের কোচ হতে পারেন যুবরাজ সিং

favicon
অনলাইন সংস্করণ
আইপিএল ২০২৬: লখনউ সুপার জায়ান্টসের কোচ হতে পারেন যুবরাজ সিং

আইপিএল ২০২৬ মৌসুমকে সামনে রেখে লখনউ সুপার জায়ান্টস দলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং-কে নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটি গুরুত্বসহকারে বিবেচনা করছে বলে জানা গেছে।


সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দলটি গত দুই মৌসুমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় কোচিং প্যানেলে বড় ধরনের রদবদলের পথে এগোচ্ছে।


ভারতের ক্রীড়া গণমাধ্যম ইনসাইডস্পোর্টস জানিয়েছে, অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার-এর সঙ্গে সম্পর্ক শেষ করতে যাচ্ছে লখনউ। তার বিকল্প হিসেবে সরাসরি যুবরাজ সিংয়ের সঙ্গে আলোচনা করেছেন মালিক গোয়েঙ্কা।


এর আগে দলটির মেন্টর জহির খান-এর সঙ্গে চুক্তি শেষ করে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন-কে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর পদে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে, বড় পরিবর্তনের পথে এগোচ্ছে লখনউ সুপার জায়ান্টস।


যদি চুক্তি সম্পন্ন হয়, তবে এটি হবে যুবরাজ সিংয়ের প্রথম পূর্ণাঙ্গ কোচিং দায়িত্ব। আইপিএলে দীর্ঘ ও সফল ক্যারিয়ার থাকলেও তিনি আগে কোনো দলের কোচ হিসেবে কাজ করেননি। কেবল আবুধাবি টি-টেন লিগে কিছু তরুণ ক্রিকেটারের মেন্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।


তরুণ খেলোয়াড়দের ওপর যুবরাজের প্রভাবই তাকে কোচ হিসেবে বিবেচনার অন্যতম কারণ। শুভমান গিল ও অভিষেক শর্মাসহ অনেক ক্রিকেটার জানিয়েছেন, যুবরাজের অধীনে অনুশীলন করে তারা নিজেদের খেলায় উন্নতি করেছেন। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের ব্যাটার প্রভসিমরন সিংকেও ব্যক্তিগতভাবে পরামর্শ দিচ্ছেন।


দলের ধারাবাহিকতা ও পারফরম্যান্সে উন্নতি আনতে চাওয়া লখনউ সুপার জায়ান্টস বিশ্বাস করছে, যুবরাজের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং জয়ের মানসিকতা দলের মধ্যে নতুন উদ্দীপনা জোগাবে।