হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির জয়, টেবিলে দুইয়ে গার্দিওলার শিষ্যরা
ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হালান্ডের জোড়া গোলে বোর্নমাউথকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে টেবিলে পাঁচ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে পেপ গার্দিওলার দল।
রোববার (২ নভেম্বর) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ম্যানসিটি। ম্যাচের ১৭তম মিনিটে হালান্ডের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৮ মিনিট পরই অ্যাডামসের গোলে সমতায় ফেরে বোর্নমাউথ।
৩৩তম মিনিটে আবারও গোল করেন হালান্ড, লিগের ইতিহাসে ঘরের মাঠে টানা চার ম্যাচে দুই বা ততোধিক গোল করার কীর্তি গড়েন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। এবারের লিগে ১০ ম্যাচে ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলে সিটির লিডে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে স্বাগতিকরা। ম্যাচের ৬০তম মিনিটে নিকো ও'রাইলির গোল ম্যানসিটির জয় নিশ্চিত করে। শেষদিকে সুযোগ পেলেও গোলের দেখা পায়নি বোর্নমাউথ।
শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এ জয়ে তাদের পয়েন্ট দাঁড়ায় ১৯। অন্যদিকে, ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল।