বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমখেলা১৬ বছরেই ইউরোপে আলোচনার কেন্দ্রবিন্দু কেনেট আইখহর্ন, দৌড়ে ম্যানইউসহ ১১ ক্লাব

১৬ বছরেই ইউরোপে আলোচনার কেন্দ্রবিন্দু কেনেট আইখহর্ন, দৌড়ে ম্যানইউসহ ১১ ক্লাব

favicon
অনলাইন সংস্করণ
১৬ বছরেই ইউরোপে আলোচনার কেন্দ্রবিন্দু কেনেট আইখহর্ন, দৌড়ে ম্যানইউসহ ১১ ক্লাব

ইউরোপিয়ান ফুটবলে নতুন উত্তেজনার নাম কেনেট আইখহর্ন। মাত্র ১৬ বছর বয়সেই হার্থা বার্লিনের এই প্রতিভাবান ডিফেন্সিভ মিডফিল্ডারকে ঘিরে শুরু হয়েছে বড় ক্লাবগুলোর মধ্যে ট্রান্সফার প্রতিযোগিতা। ইংলিশ গণমাধ্যম ‘টিমটক’-এর তথ্যমতে, ম্যানচেস্টার ইউনাইটেডসহ ইউরোপের অন্তত ১১টি ক্লাব এই জার্মান তরুণকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে।

৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার আইখহর্ন ইতিমধ্যেই ২. বুন্দেসলিগায় হার্থার হয়ে ১২ ম্যাচ খেলেছেন। খেলার গতি অনুধাবন, নিখুঁত পাস দেওয়ার দক্ষতা এবং ঠাণ্ডা মাথায় রক্ষণ সামলানোর ক্ষমতায় তিনি পেয়েছেন ‘বার্লিনের ভবিষ্যৎ তারকা’ উপাধি।

তার প্রতি আগ্রহ দেখানো ক্লাবগুলোর তালিকায় রয়েছে—বায়ার্ন মিউনিখ, আরবি লিপজিগ, বরুশিয়া ডর্টমুন্ড, ফ্রাঙ্কফুর্ট, বায়ার লেভারকুজেন, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, আর্সেনাল ও ব্রাইটন।

মাত্র ১০.৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৪ মিলিয়ন ডলার) রিলিজ ক্লজ হওয়ায় ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর কাছে এটি এক সুবর্ণ সুযোগ হয়ে উঠেছে। জার্মান ক্লাবগুলোর মধ্যে বায়ার্ন মিউনিখ ও আরবি লিপজিগ সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে—বায়ার্ন তাকে জার্মান ফুটবলের ভবিষ্যৎ মনে করছে, আর লিপজিগ বিশ্বাস করে সে হতে পারে দেশের পরবর্তী বড় তারকা।

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডও পিছিয়ে নেই। নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে পুনর্গঠনের পথে থাকা ক্লাবটি ভবিষ্যতের মিডফিল্ডে আইখহর্নকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে চায়। টটেনহাম ও আর্সেনাল জানুয়ারিতেই প্রস্তাব দিতে পারে, যেখানে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা নাকি মুগ্ধ এই তরুণের উচ্চাকাঙ্ক্ষায়।

এদিকে ব্রাইটনের স্কাউটরা ইতোমধ্যেই ইতিবাচক প্রতিবেদন দিয়েছে, অন্যদিকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও পিএসজিও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ডর্টমুন্ড ও ফ্রাঙ্কফুর্ট তাকে বুন্দেসলিগার পরবর্তী বড় তারকা হিসেবে দেখছে।

শীতকালীন ট্রান্সফার উইন্ডো ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হার্থা বার্লিন প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য দরপত্রের জন্য। বার্লিনে জন্ম নেওয়া এই কিশোর ফুটবলারের স্বপ্ন একদিন ‘ব্যালন ডি’অর’ জয় করা। এখন দেখার বিষয়, আইখহর্ন কি বুন্দেসলিগাতেই থেকে যাবেন, নাকি প্রিমিয়ার লিগের আলোয় শুরু করবেন নতুন অধ্যায়—উত্তর দেবে সময়ই।