দেশে আরও তিনজনের মৃত্যু, একদিনে নতুন ৮৩৩ জন ডেঙ্গু আক্রান্ত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৮৩৩ জন রোগী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৭ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১৬ জন রয়েছেন।
এ ছাড়া ময়মনসিংহে ৭৭ জন, রাজশাহীতে ৬৫ জন, রংপুরে ১২ জন এবং সিলেট বিভাগে ছয়জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৮২ হাজার ৬০৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৮ হাজার ৮৪৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ছয় শতাংশ নারী।