শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমখেলারোমাঞ্চকর টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব : ১৭ বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

রোমাঞ্চকর টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব : ১৭ বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

favicon
অনলাইন সংস্করণ
রোমাঞ্চকর টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব : ১৭ বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দোহায় নাটকীয় জয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। সোমবার রাতে রোমাঞ্চকর টাইব্রেকারে ব্রাজিলকে ৬–৫ ব্যবধানে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে পৌঁছেছে দলটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।


ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে গতিময় ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি ও ব্রাজিল আটটি শট নিলেও কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পরও একই চিত্র—সুযোগ তৈরি হলেও জাল খুঁজে নেওয়া যায়নি। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় না থাকায় ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।


পেনাল্টির প্রথম পাঁচ শটে দুই দলই নিখুঁতভাবে গোল করে। এরপর আসে নাটকীয় মুহূর্ত। পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের শট বাইরে মারেন, কিন্তু পরের বলেই ব্রাজিলের রুয়ান পাবলোর শট ঠেকিয়ে দেন তিনি, ফলে সমতা ফিরে আসে।


সাডেন ডেথে সিদ্ধান্ত হয় ম্যাচের। পর্তুগাল গোল করতে পারলেও ব্রাজিলিয়ান অ্যাঞ্জেলোর শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ফাইনালের টিকিট নিশ্চিত হয় পর্তুগালের।


এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া ২–০ ব্যবধানে ইতালিকে হারায়। আগামী ২৭ নভেম্বর ফাইনালে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগাল, আর একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল খেলবে ইতালির বিপক্ষে।