বিপিএলে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’; ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে ১২তম আসর
বিপিএলের ১২তম আসরে শেষ মুহূর্তে যুক্ত হলো নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’। প্রথমবারের মতো নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি হিসেবে টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশ ট্রাভেলসের মালিকানাধীন এই দলটি। এতে করে পাঁচ নয়, মোট ছয় দলের অংশগ্রহণেই আয়োজন হতে যাচ্ছে এবারের বিপিএল।
বিপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে যে সব দলকে আগামী ২৭ নভেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। একইসঙ্গে তারা জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী ছয় দল নিয়েই মাঠে গড়াবে টুর্নামেন্ট।
এবারের আসরে অংশ নেবে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং রয়েলসের সঙ্গে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। তিন দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম, যেখানে প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে প্রথমবারের মতো হবে অকশন।
আগামী ১৯ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাচ্ছে বিপিএলের এই আসর, আর ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।