খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির সংবাদ সম্মেলন আজ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে জানাতে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দুপুর ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চিকিৎসা অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতেই এ আয়োজন করা হয়েছে।
এর আগে সোমবার গভীর রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়াকে দেখতে। তার সঙ্গে ছিলেন ডা. জাহিদ হোসেন। সেখানে তারা চিকিৎসক দলের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতালে থেকে বেরিয়ে এ বিষয়ে সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল।
গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।