সোমবার , ২২ জুন ২০২৬
সোমবার , ২২ জুন ২০২৬
হোমরাজনীতি‘আগামী দিনের বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে’ : জামায়াত আমির

‘আগামী দিনের বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে’ : জামায়াত আমির

favicon
ভোরের আলো ডেস্ক:
‘আগামী দিনের বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে’ : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষকে আরেকটি অনিবার্য পরিবর্তনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই পরিবর্তন কোনো দলকে ক্ষমতায় বসানো বা কোনো ব্যক্তি-গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয়; বরং একটি স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে হবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২০ জুন) খুলনা সার্কিট হাউস মাঠে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ কমানো এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে জামায়াত আমির বলেন, দলটি জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণ করেনি। তিনি বিএনপিকে ভুল সংশোধন করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং জনরায়ের প্রতি সম্মান দেখানোর কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করা যাবে না। সরকার যদি জনগণের স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তার বিরোধিতা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।


সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সীমান্তে বিভিন্ন ধরনের চাপ তৈরি হচ্ছে এবং দেশের নিরাপত্তা রক্ষায় জনগণ ও সীমান্তরক্ষী বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে।


সমাবেশে অন্যান্য নেতারা রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।


এ সময় এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতারা বক্তব্য দেন।