সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় প্রতিবাদ, জড়িতদের বিচারের দাবি
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
রোববার (২১ জুন) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, যুবদল নেতা মোখলেসুর রহমান মুকুল ও তার ভাই পলাশসহ কয়েকজন সাইফুল্লাহ বারীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।
বিবৃতিতে তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের সহিংসতা কোনো সুস্থ রাজনৈতিক পরিবেশে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
এদিকে সংসদের বৈঠক শেষে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছ এক প্রেস ব্রিফিংয়ে সাইফুল্লাহ হত্যার বিচার দাবি করেন। তিনি অভিযোগ করেন, বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত।
জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, হামলায় আহত সাইফুল্লাহর বন্ধু সালাউদ্দিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।