তিন দলের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’-এর আত্মপ্রকাশ
তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতান্ত্রিক সংস্কার জোট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেওয়া হয়।
জোটটিতে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “দীর্ঘদিনের ঐক্যপ্রক্রিয়ার ধারাবাহিকতায় তিন দল এক হয়েছে। পরিবর্তনের পক্ষে থাকা আরও রাজনৈতিক দলকে আমরা এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানাই।”
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, “দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা দিন দিন বাড়ছে। পুরনো কাঠামোতে মানুষ অতিষ্ঠ। ভুল-ত্রুটি থাকলেও আমরা আজ নতুন একটি যাত্রা শুরু করেছি। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে আমরা একসঙ্গে এগোব।”
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম আশা প্রকাশ করে বলেন, “তিন দল নিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে এই জোট আরও সম্প্রসারিত হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এবং তিন দলের অন্যান্য নেতারা।