২২ বছর পর নির্বাচনী প্রচারে ময়মনসিংহে তারেক রহমান
দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। পাশাপাশি আজ তিনি আরও দুই জেলায় আয়োজিত জনসমাবেশেও অংশ নেবেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরীসহ আশপাশের এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। দলীয় নেতারা আশা করছেন, এই জনসভা স্মরণকালের অন্যতম বড় রাজনৈতিক জমায়েতে পরিণত হবে।
দলীয় সূত্র জানায়, জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। একই সঙ্গে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান।
এই জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।