শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমখেলাআইসিসির নতুন শর্তে বিরোধ, খেলোয়াড়দের নাম ও ছবি ব্যবহারের অধিকার নিয়ে মুখোমুখি ডব্লিউসিএ

আইসিসির নতুন শর্তে বিরোধ, খেলোয়াড়দের নাম ও ছবি ব্যবহারের অধিকার নিয়ে মুখোমুখি ডব্লিউসিএ

favicon
ভোরের আলো ডেস্ক:
আইসিসির নতুন শর্তে বিরোধ, খেলোয়াড়দের নাম ও ছবি ব্যবহারের অধিকার নিয়ে মুখোমুখি ডব্লিউসিএ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য খেলোয়াড়দের নাম, ছবি ও পরিচিতি ব্যবহারের (নেম, ইমেজ অ্যান্ড লাইকলিনেস—এনআইএল) শর্ত নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) এখন মুখোমুখি অবস্থানে রয়েছে।


ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউসিএ অভিযোগ করেছে, আইসিসি যে ‘স্কোয়াড পার্টিসিপেশন টার্মস’ পাঠিয়েছে, তা ২০২৪ সালে স্বাক্ষরিত ও উভয় পক্ষের মধ্যে সম্মত চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খেলোয়াড়দের সংগঠন নতুন শর্তাবলিকে আরও ‘শোষণমূলক’ হিসেবে আখ্যা দিয়েছে।


ডব্লিউসিএ ইতিমধ্যেই তাদের উদ্বেগ লিখিতভাবে আইসিসিকে জানিয়েছে। তবে আইসিসি দাবি করেছে, ২০২৪ সালের চুক্তি কেবল আটটি সদস্য বোর্ডের জন্য প্রযোজ্য ছিল এবং আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।


ডব্লিউসিএ বলছে, ২০২৪ সালের চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল, খেলোয়াড় সংগঠনের সঙ্গে যুক্ত সকল ক্রিকেটারের জন্যই এই চুক্তি প্রযোজ্য, তারা বিশ্বকাপে অংশ নিক বা না-নিক। তাই তাদের মতে, সব খেলোয়াড়েরই চুক্তির সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।


ডব্লিউসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা টম মফাট বলেন, “নতুন শর্তাবলির সঙ্গে পূর্বের চুক্তির মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। বিশেষ করে কনটেন্ট ও মিডিয়া উপস্থিতি, ড্রেসিংরুমে প্রবেশাধিকার, খেলোয়াড়দের জৈবিক তথ্য, লাইসেন্সিং, নাম-ছবি-পরিচিতির ব্যবহার (এনআইএল), খেলোয়াড় চুক্তি এবং বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত ধারা নিয়ে গভীর উদ্বেগ আছে। নতুন শর্তগুলো খেলোয়াড়দের ছবি ও বাণিজ্যিক ব্যবহারের অধিকারসহ অন্যান্য সুরক্ষা মারাত্মকভাবে খর্ব করছে।”


মফাট আরও বলেন, “সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের খেলোয়াড়দের কঠোর ও ভিন্ন শর্তে খেলতে বাধ্য করা হচ্ছে, যেখানে একই বিশ্বকাপে অংশ নেওয়া অন্য দলগুলো তুলনামূলকভাবে ভালো শর্ত পাচ্ছে। অনেক খেলোয়াড়ের জন্য আইসিসি ইভেন্টে অংশগ্রহণই আয়ের প্রধান উৎস এবং ক্যারিয়ার গড়ার বড় সুযোগ।”


ডব্লিউসিএ জানিয়েছেন, তারা ক্রিকেটের উন্নয়ন এবং আইসিসি ইভেন্টের সম্প্রসারণের বিরোধী নয়। তবে খেলোয়াড়দের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতেই সেই লক্ষ্য অর্জন করা উচিত। সংগঠনটি আশা করছে, বিশ্বকাপে আইসিসি ইতিমধ্যেই সম্মত স্কোয়াড শর্তগুলোই কার্যকর করবে।