স্পিন সহায়ক উইকেটে অস্ট্রেলিয়ার শক্তি অলরাউন্ডাররা: পন্টিং
নিজেদের মাঠে পরিচিত কন্ডিশন, শক্তিশালী স্কোয়াড ও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেই শীর্ষ ফেভারিট হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তবে একই সঙ্গে তিনি মনে করেন, সব প্রতিকূলতা সত্ত্বেও অস্ট্রেলিয়াও অন্তত সেমিফাইনাল খেলবে।
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপ হওয়ার পর এমন মন্তব্য করলেন পন্টিং। ওই সিরিজের শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া কার্যত প্রতিদ্বন্দ্বিতা গড়তেই পারেনি। বিশেষ করে স্পিনের বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো।
তবে আইসিসির ‘রিভিউ’ অনুষ্ঠানে পন্টিং বলেন, বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া ভিন্ন চেহারায় ধরা দেবে। তাঁর মতে, ঘোষিত স্কোয়াডের দিক থেকে অস্ট্রেলিয়ার সুযোগ অন্য যে কোনো দলের মতোই আছে।
পন্টিং বলেন, ভারত সম্ভবত পরিষ্কার ফেভারিট হিসেবেই এই টুর্নামেন্ট শুরু করছে। কন্ডিশন, প্রতিভা এবং দলটির ক্রিকেটারদের মান—সবকিছু মিলিয়ে ভারতকে হারানো কঠিন হবে। তবে তিনি জোর দিয়ে বলেন, সেমিফাইনালের সময় এলে অস্ট্রেলিয়াকেও দেখা যাবে।
তবে অস্ট্রেলিয়া দলকে ঘিরে কিছু উদ্বেগের কথাও তুলে ধরেন পন্টিং। তিনি জানান, দলে বর্তমানে সীমিত আকারে পালাবদল চলছে এবং কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোটে ভুগছেন বা চোট কাটিয়ে ফিরছেন—এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা।
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স। অভিজ্ঞ পেসার জশ হেইজেলউড বিশ্বকাপের শুরুর দিকে খেলতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। পাশাপাশি টিম ডেভিড ও নাথান এলিস ফিরছেন চোট কাটিয়ে। মূল স্পিনার অ্যাডাম জাম্পা কুঁচকির সমস্যায় ভুগলেও সেটি আপাতত গুরুতর নয়।
তবে এই দুশ্চিন্তার মাঝেও অস্ট্রেলিয়াকে নিয়ে আশার বড় জায়গা দেখছেন পন্টিং। বিশেষ করে অলরাউন্ডারের প্রাচুর্যকে তিনি দলের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করেন। স্পিন সহায়ক উইকেটে খেলার মতো পর্যাপ্ত বিকল্পও রয়েছে বলে মনে করেন তিনি।
পন্টিং বলেন, অস্ট্রেলিয়ার স্কোয়াডের বড় ইতিবাচক দিক হলো একাধিক কার্যকর অলরাউন্ডারের উপস্থিতি। মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন—এমন অভিজ্ঞদের পাশাপাশি তরুণ কুপার কনোলি আছেন, যিনি সদ্য বিগ ব্যাশে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন টানা দ্বিতীয়বার।
উইকেটে টার্ন থাকলে জাম্পা ও ম্যাক্সওয়েলের সঙ্গে কনোলিকেও বোলিং বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। ফলে স্পিন বিভাগে অস্ট্রেলিয়ার হাতে তিনটি কার্যকর অপশন থাকবে, যা বিশ্বকাপের কন্ডিশনে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন পন্টিং।