শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমখেলাবাংলাদেশের প্রতি সংহতি: ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা পাকিস্তানের

বাংলাদেশের প্রতি সংহতি: ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা পাকিস্তানের

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশের প্রতি সংহতি: ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা পাকিস্তানের

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বুধবার ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, বিশ্বকাপ নিয়ে পাকিস্তান একটি স্পষ্ট অবস্থান নিয়েছে এবং খেলাধুলার মাঠে রাজনীতির প্রভাব থাকা উচিত নয়। তিনি জানান, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত ভেবেচিন্তেই নেওয়া হয়েছে।


ইএসপিএনক্রিকইফোর বরাতে শরিফ আরও বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ানোই ন্যায্য সিদ্ধান্ত বলে মনে করছে পাকিস্তান। প্রথমবারের মতো পাকিস্তান সরকার বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশ্যে ম্যাচ বর্জনের কারণ জানানো হলো।


এর আগে পাকিস্তান সরকার জানিয়েছিল, দলটি বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত গ্রুপ ম্যাচে মাঠে নামবে না, তবে তখন কারণ প্রকাশ করা হয়নি।


এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিক মন্তব্য না করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, এ সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত সমাধানের পথ খোঁজা।


বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই পাকিস্তানের এই অবস্থান তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানালে আইসিসি বোর্ড ভোটের মাধ্যমে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে ভোট দেয় পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


পিসিবি প্রধান মোহসিন নাকভি এ সিদ্ধান্তকে ‘দ্বৈত মানদণ্ড’ আখ্যা দিয়ে বলেন, এক দেশের জন্য এক নিয়ম আর অন্য দেশের জন্য অন্য নিয়ম হতে পারে না এবং বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্য দল।