শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমখেলাপাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশের সহায়তা চাইছে আইসিসি, লাহোরে বিসিবি সভাপতির জরুরি বৈঠক

পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশের সহায়তা চাইছে আইসিসি, লাহোরে বিসিবি সভাপতির জরুরি বৈঠক

favicon
ভোরের আলো ডেস্ক:
পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশের সহায়তা চাইছে আইসিসি, লাহোরে বিসিবি সভাপতির জরুরি বৈঠক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান বিতর্কে চাপে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে রাজি করানো নিয়ে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে সমঝোতায় আনতে বাংলাদেশের সহায়তা চাইছে আইসিসি।

এই প্রেক্ষাপটেই ঝটিকা সফরে লাহোরে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসিরের সঙ্গে তাঁর বৈঠক হয়। পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, পারস্পরিক সমঝোতার লক্ষ্যেই এই সফর।

সূত্র জানায়, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনায় পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকে পাশে পেতে চায় আইসিসি। এর বিনিময়ে বাংলাদেশও কিছু সুবিধা পেতে পারে। এর মধ্যে রয়েছে আইসিসির বার্ষিক রাজস্ব থেকে প্রাপ্য অর্থ পাওয়া এবং ভবিষ্যতে বিদেশি দলগুলোর বাংলাদেশ সফর নিয়ে জটিলতা না হওয়ার নিশ্চয়তা। এটিকেই ‘পারস্পরিক সমঝোতা’ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।

এই বৈঠকের জন্য পরশু রাতে হঠাৎ করেই জরুরি বার্তা পান বিসিবি সভাপতি। মধ্যরাতেই তিনি লাহোরের উদ্দেশে রওনা দেন এবং গতকাল ভোরে সেখানে পৌঁছান। লাহোরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সালমান নাসির। পিসিবির ফেসবুক পেজে এ উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করা হয়।

এদিকে আইসিসির ডাকা জরুরি বৈঠকে পাকিস্তানের পাশাপাশি অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিরাও অংশ নেন। বাংলাদেশের উপস্থিতিও ছিল গুরুত্বপূর্ণ। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত থেকেই চলমান সংকটের সূত্রপাত। শুরু থেকেই পাকিস্তান বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আসছে। এমনকি আইসিসির ভোটাভুটিতেও বাংলাদেশ যে অতিরিক্ত একটি ভোট পেয়েছিল, সেটি পাকিস্তানের পক্ষ থেকেই আসে।

পাকিস্তানের অনড় অবস্থানের পরই আইসিসি কূটনৈতিক উদ্যোগ জোরদার করে। এই প্রক্রিয়ায় সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ এসব আলোচনা ও বৈঠকের মধ্য দিয়ে সংকট সমাধানের পথ খোঁজার চেষ্টা চলছে।