বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিজামায়াতকে বেশি বিশ্বস্ত মনে হয়েছিল, কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি: নরসিংদী-২ এর প্রার্থী সারোয়ার তুষার

জামায়াতকে বেশি বিশ্বস্ত মনে হয়েছিল, কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি: নরসিংদী-২ এর প্রার্থী সারোয়ার তুষার

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াতকে বেশি বিশ্বস্ত মনে হয়েছিল, কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি: নরসিংদী-২ এর প্রার্থী সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী সারোয়ার তুষার জানিয়েছেন, জোটসঙ্গী হিসেবে জামায়াতে ইসলামীকে তিনি তুলনামূলক বেশি বিশ্বস্ত মনে করেছিলেন। তবে নির্বাচনী অভিজ্ঞতায় সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।


নিজের ফেসবুক পোস্টে তুষার বলেন, জামায়াত জোটসঙ্গীদের প্রতি যত্নশীল থাকবে— এমনটাই ছিল তার ধারণা। কিন্তু বাস্তবে কেন সেই সমন্বয় হয়নি এবং কেন স্থানীয় পর্যায়ের একজন নেতাকে দল নিয়ন্ত্রণ করতে পারেনি, সে বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপি যেখানে হেভিওয়েট নেতা রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে, সেখানে জামায়াতের ক্ষেত্রে এমন দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।


তিনি দাবি করেন, নরসিংদী-২ আসনে নির্বাচনী কৌশল হিসেবে ‘শাপলা কলি’ প্রতীককে দুই মার্কার একটি হিসেবে প্রতিষ্ঠা করা গেলে তিনি শতভাগ নিশ্চিতভাবে জয়ী হতেন। কিন্তু শেষ পর্যন্ত তিনটি প্রতীক থাকায় ভোট বিভক্ত হয়েছে, যা তার পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করেন।


জোট রাজনীতির প্রেক্ষাপট ব্যাখ্যা করে তুষার জানান, এনসিপির ভেতরে কেউ নির্বাচন বিমুখ থাকলেও তিনি শুরু থেকেই নির্বাচনে অংশগ্রহণ ও জয়ের লক্ষ্যে কাজ করেছেন। তার মতে, এককভাবে নির্বাচন করা বাস্তবসম্মত ছিল না; তাই দলীয় স্বাতন্ত্র্য বজায় রেখে জোট করার পক্ষেই তিনি ছিলেন।


তিনি আরও বলেন, নির্বাচনে সাধারণত বাইনারি সমীকরণ তৈরি হয়— তাই তিন মার্কার সমীকরণে গেলে নতুন দলের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এই কারণে শুরু থেকেই দুই মার্কার সমীকরণে থাকার পক্ষে ছিলেন তিনি।