ফুলপুরে সাবেক বিএনপি এমপির গাড়িতে হামলা, চালক আহত
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য আবুল বাশার আকন্দের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং তার চালককে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান আবুল বাশার আকন্দ। এ সময় একদল ব্যক্তি তার গাড়িবহরে হামলা চালিয়ে কাচ ভাঙচুর করে। এতে গাড়িচালক মো. আরমান আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। এ সময় বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেয়।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় আবুল বাশার আকন্দ ধানের শীষের প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখেননি। এতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা চলছিল।
আবুল বাশার আকন্দ অভিযোগ করেন, যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন ও বিএনপি নেতা এমরান হাসান পল্লবসহ কয়েকজন তার ওপর হামলা চালান। তবে অভিযোগ অস্বীকার করে ওয়াহেদুজ্জামান মিঠুন বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং পূর্বশত্রুতার জেরে তার নাম জড়ানো হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।